বিসমিল্লাহির রাহমানির রাহিম।
"শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং আলোই হলো অজ্ঞতা দূর করার একমাত্র হাতিয়ার।" এই অবিনাশী সত্যকে ধারণ করে মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানই নয়, বরং একটি আদর্শ, নৈতিকতা সম্পন্ন এবং আলোকিত প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
একবিংশ শতাব্দীর এই দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী, বিজ্ঞানমনস্ক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং মানবিক গুণাবলি অর্জনে উদ্বুদ্ধ করে চলেছি।
আমাদের এই পথচলায় রয়েছে একদল দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং সম্মানিত অভিভাবকদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই বিদ্যালয়টি আজ এই গৌরভোজ্জ্বল অবস্থানে এসে পৌঁছেছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাত ধরেই রচিত হবে আগামীর বাংলাদেশ। তাই শৃঙ্খলা, সততা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো—এটাই আমার প্রত্যাশা।
বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রযাত্রায় আমি এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সকলের জীবন হোক সুন্দর, সফল ও কল্যাণময়।
ধন্যবাদান্তে,
রাশিদা খাতুন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়
হোম